লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন মমিনুল হক
লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৪:১৪
লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান একে এম মমিনুল হক। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জেলা পরিষদ সংশোধন আইন-২০২৪ এর ধারা ৩ অনুযায়ী জেলা পরিষদ আইন ২০০০-এর সন্নিবেশিত ধারা ৮২(ক)(১) মোতাবেক তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণ মেয়াদে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সব জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হলে জেলা প্রশাসন খণ্ডকালীনভাবে দায়িত্ব পালন করে আসছিল।
নবনিযুক্ত প্রশাসক একে এম মমিনুল হক বর্তমানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সদালাপী ও মিষ্টভাষী ব্যক্তি হিসেবে পরিচিত এবং সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
নিয়োগের প্রতিক্রিয়ায় একে এম মমিনুল হক বলেন, “আলহামদুলিল্লাহ। এই দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। দলের চেয়ারম্যান তারেক রহমান এবং জেলার রাজনৈতিক অভিভাবক আসাদুল হাবিব দুলুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, লালমনিরহাট জেলা পরিষদের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।