বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

মিঠামইনে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু, হত্যা মামলায় রূপ নিচ্ছে ঘটনা

ফরহাদ হোসেন রাজ | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ২৩:০৫

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রহম আলী লাউকুড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের লাউকুড়া ও হেমন্তগঞ্জ গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে গত ২৩ মার্চ ২০২৬ তারিখে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হেমন্তগঞ্জ গ্রামের উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নজির মিয়া ও সজীব মিয়ার নেতৃত্বে প্রায় ৪০০ থেকে ৫০০ জন দেশীয় অস্ত্র নিয়ে লাউকুড়া গ্রামের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয়। পরে তাদের নির্দেশে কাসেম চেয়ারম্যানের বাড়িতে হামলা চালানো হলে অন্তত ২৫ জন আহত হন।

গুরুতর আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং রহম আলীসহ আরও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে রহম আলীর মৃত্যু হয়।

মিঠামইন থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ৩০২ ধারা যুক্ত করে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top