হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঝুঁকি নিয়েই তেল লুটে নিচ্ছে স্থানীয়রা
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ব্যাপক জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে। বুধবার (১ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে মনতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এ সময় ক্ষতিগ্রস্ত ট্যাংকার থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের কৃষিজমি, সড়ক ও পাশের খালে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তেল সংগ্রহের হিড়িক পড়ে যায়। নারী-পুরুষ ও শিশুসহ শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বালতি, ড্রামসহ বিভিন্ন পাত্র নিয়ে ঘটনাস্থলে ভিড় করেন। অনেককে সরাসরি বগির মুখ খুলে তেল সংগ্রহের চেষ্টাও করতে দেখা গেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘তেলের দাম বেশি, সংকটও আছে- তাই মানুষ ঝুঁকি নিয়েও নিচ্ছে। বিপদ হতে পারে জানি, কিন্তু কেউ থামছে না।’
এদিকে, দাহ্য পদার্থ হওয়ায় ঘটনাস্থলে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ তেল কৃষিজমি ও জলাশয়ে ছড়িয়ে পড়ায় পরিবেশ বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. মনির মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং উদ্ধারকারী ট্রেন আসার পর কাজ শুরু হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনাস্থল নিরাপদ করে ছড়িয়ে পড়া তেল অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।