ধর্মবিদ্বেষী স্লোগানের জবাবে ইয়ামাল: ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ০৯:৫৫
প্রীতি ম্যাচে স্পেন ও মিশরের লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হলেও আলোচনায় উঠে এসেছে গ্যালারির একটি বিতর্কিত ঘটনা। ম্যাচ চলাকালে দর্শকদের একটি অংশ থেকে মুসলিম-বিদ্বেষী স্লোগান শোনা যায়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্পেনের তরুণ তারকা ফুটবলার লামিনে ইয়ামাল।
স্পেনের অন্যতম ভরসা এই ১৮ বছর বয়সী ফুটবলার নিজেও মুসলিম। ম্যাচের পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে যে স্লোগান শুনেছি, তা ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে না হলেও একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক।’
ম্যাচটি অনুষ্ঠিত হয় বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে। খেলা শুরুর আগে মিশরের জাতীয় সংগীত চলাকালে দুয়োধ্বনি দেওয়া হয়। পাশাপাশি কিছু সমর্থক ‘যে লাফাবে না, সে মুসলিম’—এমন স্লোগান দিতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরতির সময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে সতর্কবার্তা দেখানো হয় এবং মাইকে বারবার উগ্র ও বর্ণবাদী আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। তবে দ্বিতীয়ার্ধেও একই ধরনের আচরণ লক্ষ্য করা যায়।
ইয়ামাল তার বক্তব্যে বলেন, ‘ফুটবল উপভোগের খেলা। এখানে ধর্ম, বর্ণ বা পরিচয় নিয়ে কাউকে আঘাত করা উচিত নয়। যারা এমন স্লোগান দেয়, তারা নিজেদের অজ্ঞতা ও বর্ণবাদী মানসিকতাই প্রকাশ করে।’
ঘটনার নিন্দা জানিয়েছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষও। এক বিবৃতিতে তারা জানায়, স্টেডিয়ামে যেকোনো ধরনের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও সমর্থকদের আচরণে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘যেকোনো ধরনের ঘৃণা বা বর্ণবাদ সম্পূর্ণ অসহনীয়।’
এদিকে ইয়ামালের সতীর্থ পেদ্রি ও জোয়ান গার্সিয়াও একই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ফুটবলে এ ধরনের আচরণের কোনো স্থান নেই।
পোস্টের শেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইয়ামাল লিখেছেন, ‘যারা আমাদের সমর্থন করেছেন, তাদের ধন্যবাদ। বিশ্বকাপে দেখা হবে।’
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।