পলাশে দিনের আলোয় দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট
নরসিংদী প্রতিনিধি: | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৬
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় দিনের বেলায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাড়ির লোকজন অনুপস্থিত থাকার সুযোগে সংঘবদ্ধ চোরচক্র স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ টেঙ্গরপাড়া গ্রামে ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আনোয়ার হোসেন লিটন জানান, সকাল ৯টার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য গাজীপুরে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় চোরচক্র সুযোগ নেয়। বিকেল ৫টার দিকে তার ছোট ছেলে বাড়িতে এসে ঘরের তালা খোলা দেখতে পায়।
পরে ঘরে ঢুকে দেখা যায়, স্টিলের আলমারি ও একটি ওয়ারড্রোব ভাঙা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। আলমারিতে থাকা স্বর্ণের চেইন, আংটি, চুড়িসহ প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং ব্যবসার নগদ ৬ লাখ টাকা চুরি হয়ে যায়।
এলাকাবাসীর মতে, দিনের বেলায় এমন চুরির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউসুফ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।