কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের বিস্তার বাড়ছে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১২:৫০
কুষ্টিয়ায় মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে জেলায় হাম আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যা চারটিতে পৌঁছেছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আট মাস বয়সী ইব্রাহিম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যায়। একইদিন রাত সাড়ে ১২টার দিকে পাঁচ মাস ২০ দিন বয়সী আইজা মারা যায়।
ইব্রাহিম দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে শুক্রবার বিকেলে ভর্তি হয়েছিল। আইজা কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে। সে গত চার দিন ধরে চিকিৎসাধীন ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম বলেন, ইব্রাহিম শুক্রবার দুপুর সাড়ে ৩টায় হাসপাতালে ভর্তি হয়েছিল। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আইজা ৩০ মার্চ থেকে হাম ও নিউমোনিয়ায় চিকিৎসাধীন ছিলেন।
এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৫টায় আফরান নামে আট মাস বয়সী আরেক শিশু হামের উপসর্গে মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন ২০ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় ৩২০ জন রোগীর হাম শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি, যার মধ্যে চারজন শিশুর মৃত্যু হয়েছে এবং ৫-৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।