কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭
কুমিল্লা প্রতিনিধি | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক খাদে উল্টে চাপা পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং আহত হন বাকি ৬ জন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, ভোররাতে এ দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। নিহতদের স্বজনরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, নিহত সবাই পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।