লক্ষ্মীপুরের কমলনগরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের হাতে কলম, ফাইলসহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।
লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্য ও সংসদীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরীক্ষার্থীদের উৎসাহ ও মনোবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মেধাবী জাতি গঠনের লক্ষ্যেই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করবে।
শিক্ষা সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তারা এ উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বিতরণকালে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাফর আহমদ ভূঁইয়া এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।