শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আদিতমারী উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুস সোহরাব

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোঃ আব্দুস সোহরাব। তিনি একই সঙ্গে ৫নং সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।

সংবাদ সম্মেলনে আব্দুস সোহরাব বলেন, শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার জন্য কঠিন হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, ইতোমধ্যে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমান শারীরিক অবস্থায় দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে স্বেচ্ছায় সহ-সভাপতি পদসহ অন্যান্য সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন এবং মানবিক দিক বিবেচনায় তার পদত্যাগপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি শারীরিকভাবে অসুস্থ। এই বয়সে দায়িত্ব পালন করা কষ্টকর হয়ে পড়েছে। তাই এখন বিশ্রামে যেতে চাই। সবকিছু বিবেচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

এদিকে তার পদত্যাগের ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top