শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

মানিকগঞ্জে শিশু হত্যাকাণ্ড ঘিরে উত্তেজনা, গণপিটুনিতে দুইজন নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৪:১২

সংগৃহীত

মানিকগঞ্জে আট বছরের শিশু শিক্ষার্থী আতিকা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্ত কিশোরের বাবা ও চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাটি ঘটে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া এলাকায়। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি ভুট্টাক্ষেত থেকে সৌদি প্রবাসী দুদুল মিয়ার মেয়ে আতিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের ভাষ্য অনুযায়ী, বিকেলে একটি গায়ে হলুদের অনুষ্ঠানের সময় বাড়ির বাইরে খেলছিল আতিকা। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, প্রতিবেশী কিশোর নাঈম (১৫)-এর সঙ্গে তাকে শেষবার দেখা গেছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নাঈম একটি ভুট্টাক্ষেতে নিয়ে গেলে সেখানে শিশুটির মরদেহ পাওয়া যায়, এরপর সে পালিয়ে যায়।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা নাঈমের বাড়িতে হামলা চালায়। সেখানে তার বাবা অটোরিকশাচালক পান্নু (৪৫), চাচা ফজলু (২৮) ও বড় ভাই নাজমুল (২০)-কে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই পান্নু ও ফজলু নিহত হন। গুরুতর আহত নাজমুলকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শিশুহত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে গণপিটুনিতে জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির গায়ে থাকা স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হতে পারে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এদিকে শিশুটির মৃত্যু ও পরবর্তীতে গণপিটুনিতে দুইজনের মৃত্যুতে এলাকায় দুই পক্ষের পরিবারেই শোক ও উত্তেজনা বিরাজ করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top