ইরান অভিযানে ট্রাম্পকে ‘যুদ্ধ কক্ষ’ থেকে দূরে রাখার সিদ্ধান্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৮:৪৬
ইরানে নিখোঁজ মার্কিন বৈমানিকদের উদ্ধারের সামরিক অভিযান চলাকালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ ও সিদ্ধান্ত গ্রহণ ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় ট্রাম্পের অতিরিক্ত আবেগপ্রবণ প্রতিক্রিয়া এড়াতে তাকে গুরুত্বপূর্ণ সমন্বয় কক্ষ বা যুদ্ধ কক্ষ থেকে দূরে রেখেছিলেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা ও ব্যক্তিগত সহকারীরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুরো অভিযানের প্রতিটি মুহূর্তের বিস্তারিত তথ্য না দিয়ে প্রেসিডেন্টকে শুধুমাত্র নির্দিষ্ট গুরুত্বপূর্ণ আপডেট জানানো হতো। উপদেষ্টাদের ধারণা ছিল, প্রেসিডেন্টের হঠাৎ রাগ ও অস্থিরতা সংবেদনশীল এই সামরিক অভিযানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দুই বৈমানিক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর ট্রাম্প কয়েক ঘণ্টা ধরে উপদেষ্টাদের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বারবার অভিযোগ করেন, ইউরোপীয় মিত্ররা কোনো সহায়তা করছে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনাটিকে ট্রাম্প ১৯৭০-এর দশকের ইরান জিম্মি সংকটের সঙ্গে তুলনা করেন এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি উপদেষ্টাদের উদ্দেশে সতর্ক করে বলেন, জিমি কার্টারের সময় ওই ঘটনার কারণেই নির্বাচনে পরাজয় ঘটেছিল।
অভিযানের শুরুতে দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেও বাস্তব পরিস্থিতি ও কৌশলগত সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিক অভিযান সম্ভব হয়নি বলে জানানো হয়। ১৯৭৯ সালের পর থেকে ইরানের ভেতরে সরাসরি বড় ধরনের সামরিক অভিযান চালানোর অভিজ্ঞতা না থাকাকেও বড় বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের মতো প্রস্তাবও আলোচনায় আসে বলে প্রতিবেদনে দাবি করা হয়। তবে স্থল সেনা মোতায়েনের ঝুঁকি, সম্ভাব্য বড় ধরনের প্রাণহানি এবং কৌশলগত জটিলতার কারণে ট্রাম্প সরাসরি স্থল অভিযান অনুমোদন দেননি।
মিডল ইস্ট আইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বৈমানিকদের নিখোঁজ হওয়া ও এর সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়ে ট্রাম্প গভীরভাবে বিচলিত ছিলেন, যা তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও প্রভাব ফেলেছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।