মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল: মহাপরিদর্শক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:০৭

ছবি: সংগৃহীত

 

রাজধানীর মালিবাগে অপরাধ তদন্ত বিভাগের সদর দপ্তরে আয়োজিত দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল।

তিনি বলেন, অল্প কিছু অনিয়ম বা অসদাচরণ যেন পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সেজন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার করা প্রয়োজন।

সোমবার অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি আরও বলেন, নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও শক্তিশালী ও জনবান্ধব করা সম্ভব।

তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও সমন্বিত উদ্যোগে তা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

একটি জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে পুলিশ সদস্যরা নতুন করে আত্মবিশ্বাস অর্জন করেছে এবং জনগণের প্রশংসা পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অপরাধ তদন্ত বিভাগকে দেশের অপরাধ তদন্ত ব্যবস্থার শীর্ষ সংস্থা হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, এ বিভাগের সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ বিচার ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে।

তিনি তদন্ত কার্যক্রমের গতি, মান এবং সময়মতো নিষ্পত্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত তদারকি এবং তদন্ত কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে কঠোর শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থ বা অনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ দূরে থেকে পেশাদার আচরণ নিশ্চিত করাই বাহিনীর মূল শক্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, গত দুই দিনের সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেছেন। এসব আলোচনার ভিত্তিতে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা আগামী তিন মাসে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, একজন সদস্যের ভুলে পুরো বাহিনীর সুনাম ক্ষুণ্ন হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top