কলেজে জুতাপেটার ঘটনায় রাজশাহীর সেই শিক্ষিকাও বরখাস্ত
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৮
রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজে সংঘর্ষের ঘটনায় জড়িত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চল। তিনি দুর্গাপুর উপজেলার দাওকান্দি ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার দুপুরে কলেজের শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহা. আছাদুজ্জমান এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, কলেজটি জাতীয়করণ হলেও ওই শিক্ষিকা এখনও এমপিওভুক্তির আওতায় রয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট সবার কাছ থেকে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের কক্ষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষিকা এক রাজনৈতিক দলের কর্মীকে থাপ্পড় মারছেন। পাল্টা হিসেবে ওই কর্মীকে শিক্ষিকাকে জুতাপেটা করতে দেখা যায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের এক রাজনৈতিক দলের সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, ঘটনার প্রতিবাদে শনিবার সংবাদ সম্মেলন করে কয়েকজন নেতা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানান।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।