তিন জেলায় বন্যার আশঙ্কা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৩:৩৯
দেশের উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষ করে সিলেট অঞ্চলে প্রাক-মৌসুমি বন্যার আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। উজানে ও দেশের অভ্যন্তরে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াইসহ প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিনে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে সুরমা, কুশিয়ারা, খোয়াই ও জুড়ি নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে। যদিও বর্তমানে নদীগুলোর পানি এখনও বিপৎসীমার নিচে রয়েছে, তবে মঙ্গলবার সকাল থেকে পানির উচ্চতা দ্রুত বাড়তে শুরু করেছে।
এদিকে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ভুগাই-কংস এবং ধনু-বাউলাই নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং শিগগিরই সতর্কসীমা স্পর্শ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ২৮ এপ্রিল সকাল ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হতে পারে, যা বন্যা পরিস্থিতিকে আরও অবনতি করতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।