সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

পদ্মার ঘাটে বড়শিতে ধরা পড়ল কুমির, এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৩

সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শত শত স্থানীয় মানুষ কুমিরটি দেখতে ভিড় করেন। এতে নদীপাড়ে কিছুটা আতঙ্কও ছড়িয়ে পড়ে।

স্থানীয় জেলেদের বরাতে জানা যায়, স্বপন বেপারী, সাগর বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াসসহ কয়েকজন জেলে নদীতে বড়শি ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ তাদের একটি বড়শিতে কুমিরটি আটকে যায়। পরে জেলেরা সেটি টেনে তুলে রশি দিয়ে বেঁধে ঘাটে নিয়ে আসেন।

জেলে শেখ ইলিয়াস দাবি করেন, কুমিরটি উদ্ধারের সময় ঘাটের পশ্চিম পাশে আরও দুটি বড় আকারের কুমির দেখা গেছে, যা এলাকাবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

অন্যদিকে জেলে স্বপন বেপারী জানান, কুমিরটি আটকা পড়ার পর তারা দ্রুত সেটিকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসেন এবং বিষয়টি বন বিভাগকে অবহিত করেন।

এ বিষয়ে কাজী রিপন হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কেউ বন্যপ্রাণীটির ক্ষতি করতে না পারে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানিয়েছেন, বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে কুমিরটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top