মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা চালুতে প্রধানমন্ত্রীর নির্দেশ, বাড়বে কর্মসংস্থান

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৭

ছবি: সংগৃহীত

দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দীর্ঘদিন বন্ধ থাকা শিল্প কারখানাগুলো দ্রুত চালু করার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। তবে এই প্রক্রিয়ায় বেসরকারি উদ্যোক্তারা কীভাবে যুক্ত হবেন এবং মালিকানা বা অংশীদারত্বের কাঠামো কী হবে—সে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।

সরকারের এই পদক্ষেপকে কর্মসংস্থান বৃদ্ধির একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বন্ধ পাটকল ও চিনিকলগুলো পুনরায় চালু করে পুরাতন শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার পাশাপাশি নতুন চাকরির সুযোগ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের দেওয়া তথ্যমতে, ২০২৪ সালের জুন পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের অধীনে বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি। এর মধ্যে বিসিকের অধীনে ৩৮২টি, বিসিআইসির ৫টি, বিএসএফআইসির ৬টি চিনিকল এবং বিএসইসির ৪টি কারখানা বন্ধ ছিল। পরবর্তী সময়ে এই সংখ্যা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও হালনাগাদ তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন বন্ধ থাকা শিল্প কারখানাগুলো চালু করা গেলে একদিকে যেমন অর্থনীতিতে গতি আসবে, অন্যদিকে বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে কার্যকর বাস্তবায়নের জন্য স্বচ্ছ নীতিমালা ও বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top