পাঁচ দশক আগে যশোরের শার্শা উপজেলার উলশী খাল—যা ‘জিয়া খাল’ নামেও পরিচিত—খনন কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই উলশী-যদুনাথপুর খাল প্রকল্পটি ছিল দেশের প্রথম দিককার খাল খনন উদ্যোগ, যা তৎকালীন সময়ে সারাদেশে সৃষ্টি করেছিল আশার আলো ও সম্ভাবনার নতুন স্বপ্ন।
সময়ের পরিক্রমায় দীর্ঘ বিরতির পর আবারও সেই খালকে ঘিরে তৈরি হয়েছে নতুন ইতিহাস। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলশী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে পুরনো সেই উদ্যোগে যুক্ত হলো নতুন প্রজন্মের নেতৃত্ব।
এ উপলক্ষে স্থাপন করা হয়েছে একটি নতুন নামফলক, যেখানে উল্লেখ করা হয়েছে—যশোর জেলার শার্শা উপজেলার উলশী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তারিখ ২৭ এপ্রিল ২০২৬।
অন্যদিকে, একই স্থানে এখনো সংরক্ষিত রয়েছে পাঁচ দশক আগে স্থাপিত পুরনো নামফলকটি। সেখানে উল্লেখ আছে—উলশী-যদুনাথপুর বেতনা নদীর সংযোগ প্রকল্প উদ্বোধন করেন মেজর জেনারেল জিয়াউর রহমান, ১ নভেম্বর ১৯৭৬। এটি ছিল স্বেচ্ছাশ্রমভিত্তিক গণউপযোগী প্রকল্প বাস্তবায়নের একটি সামাজিক আন্দোলনের সূচনা।
একই স্থানে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি নামফলক এখন উন্নয়নের ধারাবাহিকতা, উত্তরাধিকার এবং জনসেবার এক প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়দের মতে, খালটি পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।