বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

কোরআনের ‘ভুল’ খুঁজতে গিয়ে নিজেই বশ্যতা স্বীকার করলেন গাজী রাকায়েত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৩:৩৬

সংগৃহীত

প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত সম্প্রতি এক পডকাস্টে কোরআন নিয়ে নিজের জীবন বদলে দেওয়া একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, কোরআনের ভুল খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই তার বিশ্বাসের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন।

২৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা একসময় নিজেকে নাস্তিক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় এবং ব্যক্তিগত জীবনের কিছু ঘটনার প্রভাবে তার মধ্যে স্রষ্টা সম্পর্কে সন্দেহ তৈরি হয়। বিশেষ করে এক আত্মীয়ের মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দেয় এবং ধীরে ধীরে তিনি ধর্ম থেকে দূরে সরে যান।

এই সময় তিনি আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিং-এর মতো বিজ্ঞানীদের লেখা পড়ে যুক্তিবাদী চিন্তায় অভ্যস্ত হয়ে ওঠেন এবং স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করেন।

তবে জীবনের মোড় ঘুরে যায় এক ভিন্ন উদ্দেশ্য থেকে। কোরআনের ভুল প্রমাণ করতে গিয়ে তিনি এর বাংলা অনুবাদ পড়া শুরু করেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই পাঠ তাকে গভীরভাবে আলোড়িত করে। বিশেষ করে মানুষের মধ্যে আল্লাহর ‘রূহ’ ফুঁকে দেওয়ার বিষয়টি তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে।

তিনি আরও দাবি করেন, মহাবিশ্বের সৃষ্টি, সূর্য-চন্দ্রের কক্ষপথ, এমনকি সমুদ্রের পানির বিভাজনের মতো বিষয়গুলো কোরআনে আগেই ইঙ্গিত করা হয়েছে, যা তাকে বিস্মিত করে। একজন প্রকৌশলী হিসেবে কোরআনের গাণিতিক বিন্যাসও তার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে।

এই অভিজ্ঞতার পর তিনি ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং স্রষ্টার একত্ববাদে বিশ্বাস স্থাপন করেন। তার মতে, জ্ঞান অর্জন যতই হোক, স্রষ্টার উপলব্ধি ছাড়া তা পূর্ণতা পায় না।

পডকাস্টে তিনি আরও বলেন, কোনো বিষয়ে চূড়ান্ত মন্তব্য করার আগে তা গভীরভাবে বোঝা জরুরি। সঠিক প্রেক্ষাপট ও ব্যাখ্যা ছাড়া ভুল ধারণা তৈরি হতে পারে।

তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ এটিকে ব্যক্তিগত উপলব্ধি হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনাও করছেন। বর্তমানে তিনি নিয়মিত ধর্মচর্চা করছেন এবং ভবিষ্যতে কোরআনের বৈজ্ঞানিক ও গাণিতিক দিক নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার আগ্রহ প্রকাশ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top