২০ বছর ধরে লাইসেন্স ছাড়াই চলছে স্টার সিনেপ্লেক্স
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৫:০৭
রাজধানীর পান্থপথে অবস্থিত দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স দীর্ঘ ২০ বছর ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে। ২০০৪ সালে যাত্রা শুরু করলেও এখন পর্যন্ত জেলা প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স নেয়নি প্রতিষ্ঠানটি। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এমন তথ্য উঠে এসেছে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত জানায়, প্রতিষ্ঠানটি কেবল একটি অনাপত্তিপত্রের মাধ্যমে এতদিন ব্যবসা পরিচালনা করে আসছিল। অথচ একটি প্রেক্ষাগৃহ পরিচালনার জন্য জেলা প্রশাসন বা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক।
আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে নেওয়া অনাপত্তিপত্র থাকলেও প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স নেই। ফলে এটিকে এক ধরনের লাইসেন্সবিহীন ব্যবসা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া স্টার সিনেপ্লেক্স পরিচালনাকারী মূল কোম্পানির নামের সঙ্গেও প্রেক্ষাগৃহটির সরাসরি কোনো উল্লেখ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
এদিকে লাইসেন্স জটিলতার পাশাপাশি গ্রাহকদের টিকিট ক্রয় নিয়ে ভোগান্তির বিষয়টিও নজরে এসেছে। অনলাইনে টিকিট কাটার সময় অনেকের অর্থ কেটে নেওয়া হলেও টিকিট প্রদান করা হচ্ছে না—এমন অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে এটি তাদের কারিগরি সমস্যার কারণে হচ্ছে। যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের কেটে নেওয়া অর্থ সাত কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে সতর্ক করেছে, যেন তারা দ্রুত এসব সমস্যার সমাধান করে।
তবে এ অভিযানে কোনো আর্থিক জরিমানা করা হয়নি। পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটিকে আপাতত সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যথাযথ লাইসেন্স ছাড়া এবং কর ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বড় অঙ্কের জরিমানার ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।