১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করবেন যেভাবে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫
কনস্টেবল পদে ১০ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ মার্চ থেকে এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত। এসএসসি পাস প্রার্থীরাই এ পদে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা-
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা: আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা-
উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।
উচ্চতা (মহিলা): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজন: পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রেই ওজন তাদের উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি: প্রার্থীদের চোখের দৃষ্টি অবশ্যই ৬/৬ হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করতে ১০ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা দেন। তিনি জানান, পুলিশের জনবল বৃদ্ধি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, কনস্টেবলের পাশাপাশি ১৮০টি সার্জেন্ট পদে দ্রুত নিয়োগ সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।
নিয়োগের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয় জোরদারের কথা জানানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।