মনিকা কবিরকে দিয়ে বাণিজ্যিক প্রচারণা: দারাজ ও আনজারাকে লিগ্যাল নোটিশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৩
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়া বিদেশি নাগরিক মনিকা কবিরকে নিয়ে বাণিজ্যিক প্রচারণা চালানোর অভিযোগে অনলাইন ব্র্যান্ড দারাজ ও আনজারাকে লিগ্যাল নোটিশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস জান্নাত।
বৃহস্পতিবার (১২ মার্চ) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, মনিকা কবির নামে ওই বিদেশি নাগরিক বাংলাদেশে বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট ছাড়া অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে। তার দাবি, মনিকা কবিরের ভিসার মেয়াদ ২০২৫ সালের জানুয়ারি মাসেই শেষ হয়ে গেছে।
আইনজীবী জান্নাতুল ফেরদৌস জান্নাত বলেন, বৈধ অনুমতি ছাড়া অবস্থান করেও মনিকা কবির বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। তার অভিযোগ, দেশের বড় অনলাইন ব্র্যান্ড দারাজ ও আনজারা মনিকা কবিরকে দিয়ে প্রোমোশনাল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে, যা ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, এসব প্রোমোশনাল কার্যক্রমের মাধ্যমে বিদেশে অবৈধভাবে অর্থ পাঠানো হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের লঙ্ঘন হতে পারে। পাশাপাশি এসব বাণিজ্যিক কাজের ক্ষেত্রে সরকারের প্রাপ্য ভ্যাট ও ট্যাক্স যথাযথভাবে পরিশোধ করা হয়নি বলেও তিনি দাবি করেন।
লিগ্যাল নোটিশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মনিকা কবিরকে ঘিরে তৈরি সব ধরনের কনটেন্ট তাদের অফিসিয়াল পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে। এছাড়া তার সঙ্গে করা সব বাণিজ্যিক চুক্তি বাতিল করা এবং সরকারের প্রাপ্য ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করে তার প্রমাণপত্র উপস্থাপনের কথাও বলা হয়েছে।
আইনজীবী জানান, এসব শর্ত মানা না হলে ফরেনার্স অ্যাক্ট, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও ফৌজদারি আইনের অধীনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে এখনো দারাজ ও আনজারা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।