দুর্ঘটনায় বর-কনেসহ নিহত বেড়ে ১৪: নববধু মিতুর বাড়িতে শোকের মাতম
বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১০:৪০
বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর নববধূ মার্জিয়া মিতুর বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফবাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মোংলা পৌরসভার বাসিন্দা আব্দুর রাজ্জাক তার ছেলের বিয়ে দিয়ে খুলনার কয়রা এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির নৌবাহিনীর স্টাফবাসের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দশজন মারা যান। এছাড়া নৌবাহিনীর স্টাফবাসের অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার স্ত্রী আঞ্জুমান, ভাই সামিউল আলম, তিন ছেলে বর সাব্বির, ইমরান ও আলামিন, শ্যালিকার দুই মেয়ে পুতুল ও ঐশী, কনে মার্জিয়া মিতু (২৫), কনের ছোট বোন লামিয়া (১২), কনের নানি (৫৮) এবং মাইক্রোবাসের চালক নাঈম শেখ (৩৬)।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় চারজনের মরদেহ হাসপাতালে রয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে নয়জনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।