শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ঈদ সামনে রেখে কারাগারে পাঞ্জাবি তৈরিতে ব্যস্ত বন্দিরা

কুমিল্লা প্রতিনিধি | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১০:৫৩

ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ভেতর ব্যস্ত সময় পার করছেন বন্দিরা। জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কারাগারের প্রায় আড়াই হাজার কয়েদি পাঞ্জাবি, নকশি কাঁথা এবং বাঁশ-বেতের বিভিন্ন পণ্য তৈরি করছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের কর্মসংস্থান ও পুনর্বাসনের অংশ হিসেবে এসব পণ্য উৎপাদন করা হচ্ছে। কারাগারের ভেতরে স্থাপিত বিভিন্ন কর্মশালায় বন্দিরা প্রতিদিন নির্ধারিত সময়ে কাজ করছেন। ঈদ উপলক্ষে পাঞ্জাবির চাহিদা বেশি থাকায় বর্তমানে এ পোশাক তৈরিতেই বেশি ব্যস্ত তারা।

বন্দিরা জানান, জেলের ভেতরে কাজ করে যে অর্থ উপার্জন করছেন তা দিয়ে নিজেদের দৈনন্দিন খরচ চালানোর পাশাপাশি পরিবারের কাছেও টাকা পাঠাতে পারছেন। এতে করে পরিবারগুলোর ওপর কিছুটা আর্থিক চাপ কমছে।

একজন বন্দি গণমাধ্যমকে বলেন, “প্রায় ১৮ মাস ধরে কাজ করছি। এখান থেকে যে টাকা পাই তা দিয়ে জেলের ভেতরে নিজের খরচ চালাতে পারছি, আবার পরিবারের কাছেও কিছু টাকা পাঠাতে পারছি।”

আরেক বন্দি জানান, কোনো ব্যক্তি যখন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন তখন তার পরিবারের ওপর বড় ধরনের চাপ পড়ে। অনেক পরিবার এক বা দুই বছর কোনোভাবে চললেও পরে আর্থিক সংকটে পড়ে যায়। তিনি বলেন, “আমার ঘরে বৃদ্ধ বাবা-মা আছেন। আমি এখানে কাঁথা সেলাই করে যে টাকা উপার্জন করি, তা দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে পারি। এতে আমার অনেক সুবিধা হচ্ছে।”

দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন এমন আরেক বন্দি বলেন, ২০০৫ সালে তার সাজা হয় এবং তিনি প্রায় দুই দশকের বেশি সময় ধরে কারাগারে আছেন। বর্তমানে তার সাজা শেষ পর্যায়ে রয়েছে। কারাগারের ভেতরে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি উপকৃত হচ্ছেন বলেও জানান।

কারা কর্তৃপক্ষ বলছে, বন্দিদের দক্ষতা উন্নয়ন ও সমাজে পুনর্বাসনের লক্ষ্যে এসব কর্মসূচি চালু রয়েছে। এর মাধ্যমে তারা কর্মদক্ষতা অর্জনের পাশাপাশি কিছু অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top