বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ আটক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৭:৫১

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ আটক অ। ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, এক-এগারোর সময় বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এর আগে গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শেখ মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। ওই সময় তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ-সংক্রান্ত অভিযোগে অনুসন্ধান শুরু হয়।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, আটকের পর তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শেখ মামুন খালেদ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top