বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৭:০৯

বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।

এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, স্মৃতিসৌধে কর্মসূচি শেষে ঢাকা ফেরার পথে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ২৬ মার্চ জাতির গৌরবময় ও ঐতিহাসিক দিন—এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের। একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা-বোন এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top