মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

এক সময় সাইক্লোন অফার দেওয়া ইভ্যালির রাসেল এখন আইনি সাইক্লোনে বন্দি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৮:০৬

ছবি: সংগৃহীত

একসময় “সাইক্লোন অফার” দিয়ে গ্রাহকদের মাঝে তুমুল সাড়া ফেলা অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি এখন শুধু স্মৃতি। আর সেই ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এখন নিজেই আইনি জটিলতার ঘূর্ণিপাকে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার কাশিমপুর কারাগার থেকে তাকে টাঙ্গাইলের আদালতে হাজির করা হয়। এ সময় তার দুই হাত ও পায়ে ডান্ডাবেড়ি পরা ছিল, যা নিয়ে আইনজীবীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সকাল সাড়ে ১১টার দিকে তাকে আনা হয়। কাঠগড়ায় দাঁড়িয়েও তার হাত-পায়ে ডান্ডাবেড়ি দেখা যায়। দীর্ঘ সময় ধরে পাঁচটি মামলার শুনানি শেষে বিচারক মনিরা সুলতানা সবগুলো মামলায় তাকে জামিন দেন।

জানা যায়, ৫টি চেকে মোট ৪৭ লাখ টাকার প্রতারণার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। ২০২২ সালে টাঙ্গাইল সদর উপজেলার রাসেদুজ্জামান বাদী হয়ে মামলাগুলো করেন।

তবে আদালতে হাজির করার সময় আসামির হাতে-পায়ে ডান্ডাবেড়ি পরানো আইনসম্মত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। তাদের মতে, বিচারাধীন অবস্থায় এভাবে কাউকে ডান্ডাবেড়ি পরানো আইনবহির্ভূত, বিশেষ করে যখন মামলাগুলো জামিনযোগ্য।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফেন্সি খান বলেন, তার মক্কেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। সেই বিবেচনায় নিরাপত্তার কারণে এমন ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর এস আকবর খানও বলেন, শুনানিকালে কোনো আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা আইনসঙ্গত নয়।

সবশেষে, জামিনের আদেশ পাওয়ার পরও ডান্ডাবেড়ি পরা অবস্থায়ই আদালত ভবন থেকে নিচে নামানো হয় মোহাম্মদ রাসেলকে, তার পাশে ছিল পুলিশের কড়া প্রহরা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top