শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

৩ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ২০:০৬

ছবি: সংগৃহীত

হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক পরিচালক ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

শুক্রবার রাজধানীর মিরপুরে সংঘটিত দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে মহানগর হাকিম আরিফুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৩০ মার্চ রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর এলাকায় ছাত্র-জনতার সঙ্গে অবস্থান নেন দেলোয়ার হোসেন। ওই সময় আসামিসহ অজ্ঞাতনামা কয়েকশ ব্যক্তি আন্দোলন দমনের উদ্দেশ্যে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন দিক থেকে গুলি চালায়। এতে দেলোয়ার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন।

পরে তাকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় দেলোয়ার হোসেনের স্ত্রী লিজা বাদী হয়ে মামলা দায়ের করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top