সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গম মোংলা বন্দরে নোঙর, খালাস শুরু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪১

সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭,৫০০ টন গম বহনকারী বাণিজ্যিক জাহাজ এমভি আল্ট্রা বাল্ক মোংলা বন্দরে নোঙর করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) গমের নমুনা পরীক্ষা শেষে বিকেল শিফটে খালাস কার্যক্রম শুরু হয়।

জাহাজটি শনিবার (৩১ জানুয়ারি) বন্দরে প্রবেশ করে। এর আগে ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়েতে অবস্থান করছিল। স্থানীয় শিপিং এজেন্ট সেভেন সিজের ব্যবস্থাপক মো. শামীম জানান, জাহাজটি গত বছরের ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড বন্দর থেকে যাত্রা শুরু করে।

মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুস সোবহান সরদার বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সরকার-টু-সরকার (জি টু জি) চুক্তির আওতায় এই গম আমদানি করা হচ্ছে। মোট ৪ লাখ ৫০ হাজার টন গম এই চুক্তির আওতায় মোংলা বন্দরের মাধ্যমে আমদানি হবে। বর্তমান চালানটি চতুর্থ চালান।

এমভি আল্ট্রা বাল্কের আগে প্রথম চালান ২২,৭৮০ টন (২ নভেম্বর), দ্বিতীয় চালান ১৪ নভেম্বর এবং তৃতীয় চালান ২২,৭৫৬ টন (৫ জানুয়ারি) বন্দরে পৌঁছেছিল।

আমদানি করা গম প্রাথমিকভাবে মোংলা সাইলোতে সংরক্ষণ করা হবে এবং পরে সারা দেশের বিভিন্ন জেলায় বিতরণ করা হবে। উল্লেখ্য, বাণিজ্য ঘাটতি মোকাবিলায় বাংলাদেশ সরকার গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top