এসএসসি প্রশ্ন ফাঁসের দাবি ‘সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৮

সংগৃহীত

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবর সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রোববার (২৬ এপ্রিল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্রের প্রশ্ন ফাঁস হয়েছে—এমন দাবি ছড়িয়ে পড়েছে, যা সত্য নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষায় কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের খবর পাওয়া যায়নি।

পরীক্ষা শেষ হওয়ার একদিন পর এ ধরনের গুজব ছড়ানো শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ সৃষ্টি করছে বলেও উল্লেখ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, প্রশ্ন ফাঁস সংক্রান্ত এ ধরনের প্রচারণা মূলত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। এ ঘটনায় মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার এবং কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে প্রশ্ন ফাঁস সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে অনুরোধ করা হয়েছে।

এদিকে, একই দিনে সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে ভৌত অবকাঠামো, আর্থসামাজিক উন্নয়ন ও পানি সম্পদ খাতের প্রকল্প। এছাড়া সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণের একটি বিশেষ প্রকল্পও অনুমোদনের জন্য তোলা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top