বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ইসির সিদ্ধান্তে পরিবর্তন, ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে না বিএনসিসি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেট মোতায়েনের আগের সিদ্ধান্ত বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত নির্দেশনায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ক্যাডেটরা আর ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন না। পরিবর্তে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট (ওসিভি ও আইসিপিভি) গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হবে তাদের।

এছাড়া ১১ ফেব্রুয়ারি থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বিএনসিসির পাঁচটি সেকশন দায়িত্ব পালন করবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, রেজিমেন্ট কমান্ডাররা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে ক্যাডেট মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করবেন। দায়িত্ব দেওয়ার আগে ক্যাডেটদের দক্ষতা, নিরপেক্ষতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করতে হবে।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, সর্বোচ্চ তিনটি নির্বাচনী এলাকার জন্য একটি করে সেকশন হিসেবে মোট ৩০০টি আসনে ১২৩টি বিএনসিসি সেকশন মোতায়েন করা হবে। প্রতিটি সেকশনে থাকবেন একজন করপোরাল ও ১০ জন ক্যাডেট।

রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিয়োজিত ক্যাডেটরা ভোটগ্রহণের আগের দিন থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। একইভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত ক্যাডেটরা ভোটের আগের দিন থেকে চূড়ান্ত বেসামরিক ফল প্রকাশ পর্যন্ত দায়িত্বে থাকবেন।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কোনো ক্যাডেট নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, প্রার্থী কিংবা গণভোটের পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের কার্যক্রমে যুক্ত হতে পারবেন না।

এ ছাড়া নির্বাচনী কাজে মোতায়েনের আগে ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ লক্ষ্যে রেজিমেন্ট কমান্ডাররা রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট জেলা বা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণ পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top