যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১

ছবি: সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পৌনে ১১টার দিকে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। পরে বিকেলে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক জীবনে মির্জা আব্বাস অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও তৎকালীন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পর তিনি দলে যোগ দেন এবং প্রথমদিককার নেতাদের একজন হিসেবে পরিচিতি পান। ১৯৮০-এর দশকে হুসেইন মুহম্মদ এরশাদর শাসনামলে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯ মে ১৯৯১ সালে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৮ ডিসেম্বর ১৯৯৩ পর্যন্ত এ পদে ছিলেন।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে ১১ অক্টোবর ২০০১ থেকে ২৭ অক্টোবর ২০০৬ পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালে ২০০৬ সালের ডিসেম্বরে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনী আইন পাস হয়।

দলীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মির্জা আব্বাসকে পুনরায় একই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট মহলে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top