বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:২৫

সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ সময় হজ পালন করতে গিয়ে মো. আবুল কাশেম (৭০) নামে একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৪টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইট রয়েছে।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯,৯৫১ জন, সৌদি এয়ারলাইন্স ৮,৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৬,৮৬৫ জন হজযাত্রী পরিবহন করেছে।

চলতি মৌসুমে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর আগে জয়পুরহাট সদর উপজেলার নইম উদ্দীন মন্ডল মারা যান।

গত ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হয়। ওইদিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা শেষ হবে ৩০ জুন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন বাংলাদেশি হজে যাচ্ছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top