আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১০

সংগৃহীত

দেশজুড়ে তীব্র গরমের মাঝেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল ও ময়মনসিংহ বিভাগে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ভোরে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় বলা হয়, দুপুর ১টার মধ্যে রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top