মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্যে ২ বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১১:২৮

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুইজন বাংলাদেশি নাগরিক নিহত এবং সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

সরকারি সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলার ফলে ধ্বংসাবশেষের আঘাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হন। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল শুরু হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বাহরাইনে এক বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মানামায় অবস্থিত বাংলাদেশ মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে।

এদিকে কুয়েত সিটির বেসামরিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। তারা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেছেন এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।

এছাড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে আটকা পড়েছে। জাহাজটির অধিনায়কের সঙ্গে দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়। মধ্যপ্রাচ্যে বসবাসরত ৬০ লাখের বেশি বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা সরকার সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত দূতাবাসগুলোকে প্রবাসীদের জন্য প্রয়োজনীয় সতর্কবার্তা জারি এবং স্থানীয় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top