শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ঈদের আগে গণপরিবহনে জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন পরিবহনমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১৪:০৭

ছবি: সংগৃহীত

সড়ক ও সেতু, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদের আগে গণপরিবহনের জন্য ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। আজ শুক্রবার (১৩ মার্চ) ঈদযাত্রা উপলক্ষে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, তেলের দাম বাড়ানো হবে না এবং জ্বালানিমন্ত্রী তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। ফলে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, তিন মার্চ থেকে ধারাবাহিকভাবে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং প্রায় ৩৭ লাখ মানুষ অনলাইনে টিকিট কিনতে চেষ্টা করেছেন। তবে রেলের সক্ষমতা অনুযায়ী মাত্র প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে।

মন্ত্রী আরও জানান, একটি টিকিট বুক করার পর পেমেন্ট করার জন্য যাত্রীদের পাঁচ থেকে সর্বোচ্চ ১৫ মিনিট সময় দেওয়া হয়। এ কারণে অনেক সময় টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেকে অপেক্ষা করতে হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলে অতিরিক্ত কোচ ও বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রায় ১২৪টি কোচ চালু রয়েছে। মিটারগেজ লাইনে আরও ১৪টি কোচ এবং ব্রডগেজ লাইনে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়েছে।

নিরাপত্তা বিষয়ে তিনি জানান, রেলওয়ে পুলিশ ছাড়াও নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ ও বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে।

মন্ত্রী বলেন, ঈদযাত্রার সময় কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। যাত্রীদের প্রতি অনুরোধ, সংকটের সময় ধৈর্য ও সহযোগিতা বজায় রাখতে হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top