সংসদের প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৭:১৯
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ সালের প্রথম) অধিবেশনের স্থায়িত্বকাল ও কার্যসূচি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই অধিবেশন চলবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৈঠকে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির। স্পিকারের বিশেষ আমন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে অংশ নেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। প্রয়োজন হলে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি অধিবেশনকে কেন্দ্র করে চার শতাধিক প্রশ্ন ও নোটিশ জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে।
এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ জমা পড়েছে ২৭টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাব পাওয়া গেছে ৯৭টি।
বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সাচিবিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।