শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৭:৫০

সংগৃহীত

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার, পরিবহন মালিক, চালকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাই দেশে সড়ক দুর্ঘটনার বড় কারণ।

শনিবার (১৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খুলনা–মোংলা মহাসড়কে ঘটে যাওয়া সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মার্চ) বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনা–মোংলা মহাসড়কে নৌবাহিনীর স্টাফ বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তারা খুলনার কয়রা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে কনে-বরসহ মোংলার দিকে ফিরছিলেন।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ ছাড়া একই পরিবারের নয়জনসহ একসঙ্গে ১৪ জন মানুষের মৃত্যু সচরাচর দেখা যায় না। তিনি উল্লেখ করেন, দেশে রাস্তায় বের হওয়া যেন অনেক সময় যুদ্ধক্ষেত্রে যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক, ট্রাফিক আইন না মানা এবং ভাঙাচোরা সড়কের কারণে প্রতিটি মোড় যেন সম্ভাব্য মৃত্যুকূপে পরিণত হচ্ছে।

সড়কে সুশাসন নিশ্চিত করা বিলাসিতা নয়, বরং মানুষের জীবন রক্ষার জন্য অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি। অন্যথায় বিয়ের যাত্রা বা ঈদের আনন্দভ্রমণ—যেকোনো ভ্রমণ মুহূর্তেই শেষ যাত্রায় পরিণত হতে পারে বলে সতর্ক করেন এই ইসলামি বক্তা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top