বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৯:২২

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

বার্তায় তিনি বলেন, ২৫ মার্চ ১৯৭১ বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম দিন। এদিন নিরস্ত্র ও স্বাধীনতাকামী মানুষের ওপর দখলদার পাকিস্তানি বাহিনী ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চালায়।

তিনি উল্লেখ করেন, ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে।

প্রধানমন্ত্রী বলেন, ২৫ মার্চের এই হত্যাযজ্ঞ ছিল সুপরিকল্পিত। তবে সে সময় কেন এই হত্যাযজ্ঞ প্রতিরোধ করা গেল না, তা এখনো ইতিহাসের গবেষণার বিষয় হয়ে রয়েছে।

তিনি আরও বলেন, ২৫ মার্চ দিবাগত রাতে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গণহত্যার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এর মধ্য দিয়েই শুরু হয় দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মূল্য ও তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হলে ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। তিনি সবাইকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

শেষে তিনি মহান আল্লাহর কাছে সব শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণহত্যা দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top