বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী স্বপন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৭:২১
বাংলাদেশে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, খেলাধুলার এই ইভেন্ট নিয়ে সরকার রাজনীতি করতে চায় না। তাই কেউ চাইলে আইপিএল দেখানোর ক্ষেত্রে ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হবে।
গত দিনে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করেছিল। এমনকি আন্তর্জাতিক বিশ্বকাপেও অংশ নেনি টাইগাররা। তবে সরকার পরিবর্তনের পর ভারতের সঙ্গে ক্রীড়া সম্পর্ক পুনরায় বন্ধুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বপন বলেন, “আমাদের কাছে আইপিএল দেখানোর কোনো আবেদন আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই দেখা হবে। কোনো চ্যানেল যদি আইপিএল সম্প্রচারের আবেদন করে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করবো।” তিনি আরও বলেন, “আমরা কাউকে বাধা দেব না। যদি কোনো চ্যানেল সম্প্রচার করতে চায়, সেটাও আমরা ইতিবাচকভাবে দেখব। জোর করে কিছু করা হবে না।”
ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু নিশ্চিত করেছেন, বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান আইপিএল দেখানোর ক্ষেত্রে বাধা পাননি। তিনি বলেন, “স্টার স্পোর্টসে যদি আইপিএল সম্প্রচার করা হয়, সেটা করা যাবে। আমাদেরকে কেউ বন্ধ রাখতে বলেনি।”
লাভলু আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনার এখন কোনো প্রভাব নেই। তিনি বলেন, “আগের সরকারের নির্দেশনা এখন আর বহাল নেই। নতুন সরকার চাইলে আমরা বন্ধ রাখতে পারব।”
তবে যথাযথ বিপণন এবং লজিস্টিকস প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না থাকায় টি স্পোর্টসসহ বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান এবারের আইপিএল দেখানোর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। চলমান পিএসএল (পাকিস্তান সুপার লিগ) সম্প্রচার অব্যাহত আছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।