অবৈধ কাজে জড়িত থাকার অপরাধে সাজা পেল গ্রাম পুলিশ
রাকিব ইসলাম | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৮:৩১
গোপন সংবাদ পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ২৭ মার্চ, শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করে গ্রাম পুলিশ রফিকুল ইসলামকে (৪৫)।
জানা যায়, গভীর রাতে উপজেলার করলাটারী নামক স্থানে অবৈধভাবে পাথর-বালু উত্তোলন ও সরকারি কাজে বাধা প্রদান করার অপরাধে বুড়িমারী ইউনিয়নের চৌকিদার হিসেবে পরিচিত রফিকুল ইসলামকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, তথ্য পেলে আমরা ব্যবস্থা নেবো এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, রফিকুল ইসলাম এই কাজে যুক্ত থাকার কথা স্বীকার করেন এবং তার ফোনে বিভিন্ন মেশিন মালিক ও মেশিনের লাইন (বোমা মেশিন চালানোর অনুমতি) দেয়ার সঙ্গে জড়িতদের কথোপকথনের আলামত প্রশাসন সংগ্রহ করেন বলে জানা যায়।
বিভিন্ন সুত্র থেকে জানা যায়, বোমা মেশিন বন্ধে প্রশাসন প্রায়ই অভিযান পরিচালনা করলেও একটি শক্তিশালী সিন্ডিকেটের কারণে পুরোপুরি মেশিন বন্ধ করা আজও সম্ভব হয়নি। যদিও সাবেক ইউএনও উত্তম কুমার দাসের তৎপরতায় মাঝে কিছুদিন বন্ধ ছিল। নতুন করে কঠোর পদক্ষেপ নিয়েছেন বর্তমান ইউএনও। কিন্তু সিন্ডিকেটের একজন রফিকুল ইসলাম। তিনি গ্রাম পুলিশ হিসেবেও কর্মরত। যিনি বহুদিন ধরে এই কর্মকান্ডে জড়িত। এছাড়াও আরও বেশ কয়েকটি পয়েন্টে লাইন ম্যান হিসেবে পরিচিত অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। যাদের মাধ্যমে প্রতি রাতে মেশিনের ধরন অনুয়ায়ী ৫-১২ হাজার টাকা পর্যন্ত শত শত মেশিন অবৈধভাবে চালানো হয়। অভিযোগ আছে, চুড়ান্তভাবে পুলিশকে ম্যানেজ করে লাইন দেয়া হয়। যদিও পুলিশ এসব অভিযোগ মিথ্যা ও তাদের নাম ভাঙ্গিয়ে চুরি করে অনেকে এমনটা করে বলেও বরাবরই অবগত করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।