শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে,ইলেকট্রিক বাস আমদানির উদ্যোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১৭:০০

সংগৃহীত

সরকার স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে এবং শহরের যানজট নিরসনে শুল্কমুক্ত ইলেকট্রিক বাস আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনা দেবে, যা আগামী রোববার থেকে কার্যকর হতে পারে। এ উদ্যোগে অংশগ্রহণকারী স্কুলগুলো বিশেষ সুবিধা পাবে।

বাণিজ্যিক ক্ষেত্রে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে, তবে পুরানো বাস আমদানি করা যাবে না।

সচিব জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং দেশের ৮০ শতাংশ তেল আমদানিনির্ভরতা বিবেচনা করে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে জ্বালানি আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে।

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে। জরুরি সেবা যেমন খাদ্য ও ওষুধের দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

বৈঠকটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং রাত সাড়ে ১১টায় শেষ হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top