বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল, চারুকলা থেকে বর্ণিল সূচনা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১০:১৫
বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নেয় নানা বয়স ও শ্রেণিপেশার বিপুলসংখ্যক মানুষ।
শোভাযাত্রায় দেখা যায় রঙিন মুখোশ, বিশালাকৃতির মোটিফ এবং লোকজ শিল্পের নান্দনিক উপস্থাপনা। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে চারুকলা ও আশপাশের এলাকা পরিণত হয় এক বর্ণিল উৎসবমুখর পরিবেশে।
নিরাপত্তা নিশ্চিতে শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সক্রিয় ছিল।
এর আগে ভোরে রমনার বটমূলে অনুষ্ঠিত হয় বর্ষবরণের প্রভাতী আয়োজন। সেখানে সম্মিলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গান পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী আয়োজনে মোট ২২টি গান পরিবেশিত হয়।
বর্ষবরণ ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকের কাছে এটি কেবল সাংস্কৃতিক আয়োজন নয়, বরং বাঙালির শেকড়ে ফিরে যাওয়ার এক আবেগঘন মুহূর্ত।
এদিকে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের কণ্ঠে উঠে আসে সাম্প্রতিক বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদ। একই সঙ্গে তারা অসাম্প্রদায়িক ও সংস্কৃতিমনস্ক বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।