৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৩:২৭
প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুরের কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।
বিদ্যুৎকেন্দ্রটির বয়লার পাইপে ত্রুটি দেখা দেওয়ায় বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে জরুরি মেরামত কাজ শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে ইউনিটটি পুনরায় চালু করা হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, মেরামতের পর ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিট থেকে বর্তমানে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও জানান, ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিটটি আগামী মে মাসের মধ্যে চালুর চেষ্টা চলছে। তবে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২নং ইউনিট কবে চালু হবে তা এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনির ওপর ভিত্তি করে ২০০৬ সালে স্থাপিত এই তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট হলেও বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটি কখনোই পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারেনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।