রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৪

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে প্রচলিত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা এবার আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত খসড়া আইন জাতীয় সংসদে পাস হয়েছে।

রোববার জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘জাতীয় সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতা (সংশোধনী) ২০২৬’ শীর্ষক খসড়া আইন উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদের অধিবেশনের সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ।

নতুন এ সিদ্ধান্তের ফলে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আদেশের আর্টিকেল ৩-সি বিলুপ্ত করা হয়েছে, যেখানে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির আইনি সুযোগ ছিল।

খসড়া আইন উত্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর শুল্কমুক্ত গাড়ি সুবিধা গ্রহণ করা নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি এটি সাধারণ করদাতাদের সঙ্গে দৃশ্যমান বৈষম্য তৈরি করে। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা বৃদ্ধি এবং সমতা প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সংশোধনী আনা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই ধরনের বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করা জরুরি ছিল।

বিরোধী দলের সদস্য নাজিবুর রহমান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও সংসদ সদস্যদের জন্য এ ধরনের শুল্কমুক্ত গাড়ি সুবিধা প্রচলিত নেই।

তিনি আরও উল্লেখ করেন, একটি রাজনৈতিক দল আগেই ঘোষণা দিয়েছিল তারা শুল্কমুক্ত গাড়ি বা প্লট সুবিধা গ্রহণ করবে না। এ কারণে খসড়া আইনের উদ্দেশ্য ও কারণ সংক্রান্ত বিবৃতিতে বিরোধী দলের অবস্থানের উল্লেখ থাকা উচিত ছিল।

এর জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হলেও সরকারি খসড়া আইনটি সংসদ নেতার দৃষ্টিভঙ্গি অনুযায়ী তৈরি করা হয়েছে। তবে প্রয়োজন হলে বিরোধী দলের মতামত বা অবস্থান অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের আপত্তি নেই।

এই খসড়া আইন পাসের মাধ্যমে সংসদ সদস্যদের দীর্ঘ কয়েক দশকের একটি বিশেষ আর্থিক সুবিধার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। কণ্ঠভোটে উপস্থিত অধিকাংশ সদস্যের সমর্থনে এটি পাস হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top