সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

সোমবার যশোরে উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন উদ্বোধনে যাচ্ছেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৩:২৯

সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের একটি দল খাল এলাকা পরিদর্শন শেষে এ সফরের বিষয়টি নিশ্চিত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ উদ্যোগে উলাশী-যদুনাথপুর খাল খনন করেন। পরে এটি “জিয়া খাল” নামেও পরিচিতি পায়। পরবর্তীতে ওই এলাকায় একাধিক উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও অনেকগুলো মাঝপথে থেমে যায়।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক অশেক হাসান খাল এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় খালটি অস্তিত্ব সংকটে পড়েছিল। তাই সরকার এখন এটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, ৫০ বছর আগে জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা এই খাল পুনরায় খননের কাজের উদ্বোধন করতে ২৭ এপ্রিল যশোরে আসবেন তারেক রহমান। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি চলছে।

পরিদর্শন ও মতবিনিময় সভায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি যশোরে এক জনসভায় তারেক রহমান ঘোষণা দেন, ক্ষমতায় গেলে কৃষি উন্নয়নের অংশ হিসেবে সারাদেশে হাজারো খাল পুনঃখনন করা হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায়ই এই খাল পুনঃখনন কর্মসূচি শুরু হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয় নেতারা জানিয়েছেন, এই সফরকে ঘিরে যশোরে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে এবং প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top