প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ফ্রি ড্রেস-জুতা-ব্যাগ দিবে সরকার: শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৩:২৩
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই থেকে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এই কর্মসূচি চালু হবে, যেখানে প্রাথমিকভাবে প্রতিটি উপজেলার দুটি করে বিদ্যালয়ে এই সুবিধা দেওয়া হবে।
বুধবার (২৯ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারের এই উদ্যোগে দেশের ব্যবসায়ী মহলও যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে শুরু হলেও ধীরে ধীরে দেশের সব স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনা হবে।
এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়-এ আন্তঃমন্ত্রণালয় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সাফওয়ান সোবহান, শরিফুল আলম, ববি হাজ্জাজ এবং শিক্ষা উপদেষ্টা মাহদী আমীনসহ সংশ্লিষ্টরা।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়া হবে। প্রয়োজনীয় ড্রেস, জুতা ও পাটের ব্যাগ সরবরাহ করবে বিজিএমইএ।
পাইলট প্রকল্পের অভিজ্ঞতা মূল্যায়ন করে পরবর্তীতে এটি সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের ঝরে পড়া কমাবে এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য এটি বড় সহায়ক হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।