গণস্বাস্থ্য দখলে রিজওয়ানার থাবা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৪:১৩

সংগৃহীত

মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক “বাংলাদেশ ফিল্ড হাসপাতাল” থেকে যাত্রা শুরু করা এবং পরে দেশের অন্যতম বৃহৎ স্বাস্থ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত গণস্বাস্থ্য কেন্দ্র নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ, ট্রাস্টি বোর্ড গঠন এবং প্রশাসনিক পরিবর্তনকে ঘিরে একাধিক পক্ষের মধ্যে গুরুতর অভিযোগ ও পাল্টা অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সময় সাভারের মির্জানগরে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের সদর দপ্তরে অনিয়ম ও মব পরিস্থিতির মাধ্যমে নিয়ন্ত্রণ পরিবর্তনের ঘটনা ঘটে। পরবর্তীতে ২৪ আগস্ট একদল লোক প্রতিষ্ঠানটিতে প্রবেশ করে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগও সামনে আসে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. নাজিমউদ্দিন আহমেদ দাবি করেন, তাকে চাপ প্রয়োগ ও ভয়ভীতি দেখিয়ে পদত্যাগে বাধ্য করা হয়। তার অভিযোগ অনুযায়ী, একটি পক্ষ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল এবং পরবর্তীতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।

অন্যদিকে, অভিযোগের কেন্দ্রে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শিরিন হকসহ কয়েকজন। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অনুসন্ধানে জানা যায়, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি কাঠামো নিয়েও বিতর্ক রয়েছে। ১৯৭২ সালের নিবন্ধিত নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি একাধিক প্রতিষ্ঠাতা সদস্যের সমন্বয়ে গঠিত হলেও পরবর্তীতে ট্রাস্টি বোর্ড গঠন ও পরিবর্তন নিয়ে বিভিন্ন মতভেদ দেখা দেয়।

অভিযোগ রয়েছে, নতুন একটি ট্রাস্টি বোর্ড গঠনের মাধ্যমে পূর্বের কাঠামো পরিবর্তনের চেষ্টা করা হয়, যেখানে কয়েকজনের নাম যুক্ত হয়। তবে এই প্রক্রিয়াকে আইনগতভাবে বৈধ নয় বলে দাবি করছেন একাংশ।

ডা. নাজিমউদ্দিন আহমেদ আরও দাবি করেন, তার নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরই তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় এবং পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়া হয়।

এদিকে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি অভিযোগগুলোর বিষয়ে ভিন্নমত প্রকাশ করলেও গণস্বাস্থ্য কেন্দ্রের বর্তমান প্রশাসনিক কাঠামো নিয়ে স্পষ্ট বিভক্তি দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিচালনা ও ট্রাস্টি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: কালের কণ্ঠ

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top