যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৩:২৬

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, নির্বাচনের আগে সই হওয়া এই চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু ধারা থাকতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ-এ পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রুমিন ফারহানা বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা, কৃষি ও জ্বালানি পণ্য আমদানির বিষয় এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের নানা দিক উঠে এসেছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বেশি পণ্য রপ্তানি করলেও আমদানি তুলনামূলক কম হওয়ায় একটি বড় বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কমাতেই চুক্তিটি করা হয়েছে বলে জানান তিনি।

চুক্তি স্বাক্ষরের সময় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, গত ৯ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যা নিয়ে তখনই সুশীল সমাজ ও নীতিনির্ধারক মহলে আপত্তি ওঠে।

রুমিন ফারহানা আরও বলেন, সরকার চাইলে ৬০ দিনের মধ্যে এই চুক্তি বাতিল করতে পারে। তাই চুক্তিটি সংসদে এনে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন।

তবে তার বক্তব্যের একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না এবং এভাবে নতুন বিষয় উত্থাপন করা যায় না। তিনি সদস্যকে যথাযথ নিয়মে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।

স্পিকারের আপত্তি সত্ত্বেও রুমিন ফারহানা সংক্ষিপ্ত সময় চেয়ে আবারও চুক্তিটি সংসদে তোলার দাবি জানান। তবে স্পিকার শেষ পর্যন্ত বিষয়টি অর্ডার হিসেবে গ্রহণ করেননি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top