বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি, সংসদে প্রস্তাব আনার আহ্বান রুমিন ফারহানার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৮

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে তা বাতিলের প্রস্তাব সংসদে উত্থাপনের আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ২৪তম দিনে কার্যপ্রণালির বিধি অনুযায়ী বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে বক্তব্যে রুমিন ফারহানা বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি, কৃষি ও জ্বালানিপণ্য আমদানি, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে নীতিগত সংস্কারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়, তার তুলনায় আমদানি কম হওয়ায় বড় ধরনের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কমানোর লক্ষ্যেই চুক্তিটি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রুমিন ফারহানা আরও বলেন, জাতীয় নির্বাচনের ঠিক আগে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় তখনই সুশীল সমাজ ও বিশ্লেষকরা এর বিরোধিতা করেছিলেন। তাদের মতে, অনির্বাচিত সরকারের এমন চুক্তি স্বাক্ষর করা উচিত হয়নি এবং এতে দেশের স্বার্থবিরোধী বেশ কিছু শর্ত রয়েছে।

এ সময় তিনি দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে সরকার চাইলে চুক্তিটি বাতিল করতে পারে এবং বিষয়টি সংসদে আলোচনা হওয়া প্রয়োজন।

তবে তার বক্তব্যের একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আপত্তি তুলে বলেন, এটি কার্যপ্রণালির বিধি অনুযায়ী বক্তব্যের মধ্যে পড়ে না। তিনি জানান, সংসদের চলমান কার্যক্রম বা শৃঙ্খলা সংক্রান্ত বিষয়েই এ ধরনের বক্তব্য দেওয়া যায়।

পরে স্পিকার পরামর্শ দেন, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক নোটিশ দিলে তা বিবেচনা করা হবে।

এদিকে রুমিন ফারহানা সংক্ষিপ্ত সময় চেয়ে আবারও চুক্তিটি সংসদে আনার আহ্বান জানান। জবাবে স্পিকার জানান, এটি ওই বিধির আওতায় গ্রহণ করা সম্ভব নয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top