জিয়াউর রহমানের শ্রমনীতি দেশের শ্রমকল্যাণের ভিত্তি তৈরি করেছে: রাষ্ট্রপতি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ১৩:২২

ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি ও সংস্কার দেশের শ্রমকল্যাণ ব্যবস্থার ভিত্তি শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি বৈদেশিক আয়ের প্রবাহ বৃদ্ধির যে কর্মপরিকল্পনা জিয়াউর রহমান গ্রহণ করেছিলেন, তা পরবর্তীতে আরও এগিয়ে নিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনীতির প্রাণশক্তি হিসেবে বৈদেশিক আয়ের প্রবাহের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে বেগম খালেদা জিয়া সেই ধারা অব্যাহত রেখে শ্রমিক সমাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। বর্তমান সরকারও শ্রমিকদের কল্যাণে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ঘোষিত শ্রমিক কল্যাণমূলক কর্মপরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করছে।

শিল্পায়নের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি জানান, দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যেই বন্ধ থাকা বিভিন্ন কলকারখানা, চিনিকল ও রেশম কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ছয় মাসের মধ্যে ছয়টি বন্ধ পাটকল পর্যায়ক্রমে চালু করা হবে।

শ্রমিক অধিকার সুরক্ষায় নেওয়া আইনি সংস্কারের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই শ্রম আইনের সংশোধন করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমমান বজায় রাখতে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক শ্রমমান সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর ও অনুমোদন দিয়েছে।

শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের উসকানিতে শ্রমিকদের বিভ্রান্ত হয়ে শ্রম অসন্তোষে জড়িয়ে পড়া উচিত নয়। দেশের টেকসই শিল্প উন্নয়নের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top